ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মুড়ি তৈরিতে শিল্পকারখানায় ব্যবহৃত লবণ (ইন্ডাস্ট্রিয়াল গ্রেড লবণ) ব্যবহারের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

গত রোববার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন আলী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুরে অবস্থিত বিসিক শিল্পনগরীতে বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

অভিযানকালে মেসার্স ভাই ভাই ফুড ইন্ডাস্ট্রিজ, মেসার্স বাবুল চিড়া-মুড়ি ইন্ডাস্ট্রিজ এবং মেসার্স আমানত ফুড ইন্ডাস্ট্রিজে মুড়ি উৎপাদনে শিল্পকারখানায় ব্যবহৃত লবণ ব্যবহার এবং অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এসব কার্যক্রম নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বিধানের পরিপন্থী হওয়ায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।

পরে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানের প্রত্যেকটিকে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা অর্থদন্ড করা হয় ও তাৎক্ষণিকভাবে টাকা আদায় করা হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন আলী বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অনিরাপদ খাদ্য উৎপাদন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। খাদ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি না মানা এবং অননুমোদিত বা অনুপযুক্ত উপকরণ ব্যবহারের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।