বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রান্তিক কৃষক ও নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে ফিজিওথেরাপি ও পুনর্বাসন (রিহ্যাবিলিটেশন) চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদি ব্যথা, চলাফেরার সীমাবদ্ধতা ও শারীরিক অক্ষমতা মোকাবিলায় ওষুধের পাশাপাশি বৈজ্ঞানিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা কার্যকর ভূমিকা রাখতে পারে।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বাউএক (BAUEC) চাষী ভবনে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (CRP) এবং সাইক (SAIC)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।

আয়োজকরা জানান, এই উদ্যোগের লক্ষ্য হলো আর্থিকভাবে অসচ্ছল মানুষের কাছে বিশেষায়িত ফিজিওথেরাপি ও পুনর্বাসনসেবা পৌঁছে দেওয়া এবং শারীরিক অক্ষমতা বা দীর্ঘস্থায়ী ব্যথায় আক্রান্ত ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সহায়তা করা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অনেক ক্ষেত্রে শুধুমাত্র ওষুধের ওপর নির্ভর না করে বৈজ্ঞানিক ব্যায়াম, ফিজিওথেরাপি ও পুনর্বাসন পদ্ধতির মাধ্যমে রোগীর শারীরিক কার্যক্ষমতা পুনরুদ্ধার করা সম্ভব। এ ধরনের চিকিৎসা রোগীর কর্মক্ষমতা বৃদ্ধি, ব্যথা নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন সাইক গ্রুপের চেয়ারম্যান আবু হাসনাত মো. ইয়াহিয়া, বাউএকের পরিচালক অধ্যাপক ড. ইফফাত আরা মাহজাবীন, বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, ঢাকা সাইক মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রিন্সিপাল ডা. মো. মঞ্জুর রহমান, সিআরপি বাকৃবি কেন্দ্রের ম্যানেজার রাফিউল করিম এবং বাকৃবির ডেপুটি রেজিস্ট্রার ও রোভার স্কাউটসের গ্রুপ সম্পাদক কৃষিবিদ ড. মো. জহিরুল আলম।

আয়োজকদের তথ্য অনুযায়ী, দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে এলাকার প্রায় ৪০ জন প্রান্তিক ও দরিদ্র মানুষ সরাসরি ফিজিওথেরাপি, পুনর্বাসন চিকিৎসা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ গ্রহণ করেন।

বক্তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কর্মসূচি আরও বিস্তৃত পরিসরে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন, যাতে প্রান্তিক জনগোষ্ঠী সহজেই বিশেষায়িত পুনর্বাসন চিকিৎসার সুযোগ পেতে পারে।