ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ের উস্থি ইউনিয়নের হাটপাড়া গ্রামে চুরির অভিযোগে নাতিকে মারধর থেকে রক্ষা করতে গিয়ে দাদার মৃত্যুর অভিযোগ উঠেছে।
নিহতের ভাতিজা জলিল মিয়ার দাবি,রোববার রাত পৌনে নয়টার দিকে নবী হোসেন মৃধা(৭০)এর নাতি রানা(২০)কে মোবাইল চুরির অভিযোগে স্থানীয়রা ধরে নিয়ে ইউনিয়ন বিএনপি নেতা শামসুল ইসলাম ফারুকের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বেঁধে মারধর করে। এ সময় নাতিকে বাঁচাতে এগিয়ে গেলে নবী হোসেনকেও মারধর করা হয়।এতে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান।

রানা উস্থি ইউনিয়নের হাটপাড়া গ্রামের সারফুল ইসলামের ছেলে। স্বজনরা রোববার রাতেই নবী হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কর্তব্যরত চিকিৎসক মৌসুমী আক্তার জানান,রোগীকে ইসিজি করে মৃত্যুর বিষয় নিশ্চিত করা হয়।

স্থানীয় বাসিন্দা ইব্রাহিম মিয়া বলেন,’মোবাইল চুরির ঘটনায় এলাকার অতি উৎসাহী কিছু লোকজন রানাকে ধরে এনে মারধর করে। সেসময় দাদা নবী হোসেন নাতিকে বাঁচাতে গেলে তিনি আহত হয়। পরে তিনি মারা যান।

ইউনিয়ন বিএনপি নেতা শামসুল ইসলাম ফারুক বলেন,‘বাদল মার্কেটের সামনের ঘটনায় জড়িতদেরকে চিনিনা,আমিও অসুস্থ হয়ে বাড়িতে আছি।’

খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’