বাড়ি বাড়ি গাছের চারা পৌঁছে দিতে কার্যক্রম শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বরিশল গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী হাজি মো. সালাউদ্দিন। রবিবার বিকেলে পৌর এলাকার দুর্গাপুরে এ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়।

কার্যক্রমের অংশ হিসেবে পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ১০ হাজার গাছ বিতরণ করা হবে। এরই অংশ হিসেবে ১নং ওয়ার্ডে প্রায় এক হাজার গাছের চারা বিতরণ করা হয়। পর্যায়ক্রমে পৌরসভার নয়টি ওয়ার্ডে গাছের চারা বিতরণ করা হবে।

সম্ভাব্য মেয়র প্রার্থী ও প্রবাসী মো. সালাউদ্দিন ভূঁইয়া তার ব্যক্তিগত অর্থায়নে এসব চারা বিতরণ করছেন। সাধারণ লোকজন গাছের চারা পেয়ে খুশি হন।
গাছের চারা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে মো. সবুজ মিয়া নামে এক ব্যক্তি বলেন, ‘যারা মানুষের প্রতিনিধিত্ব করতে চায় তাদেরকে পরিবেশ নিয়ে ভাবতে খুব একটা দেখা যায় না। উদ্যোগটি বেশ ভালো।’

প্রবাসে অবস্থানরত হাজি সালাউদ্দিন ভূঁইয়া বলেন, ‘আখাউড়া পৌরসভাকে একটি আধুনিক ও আদর্শ গ্রিন সিটিতে রূপান্তর করার উদ্দেশ্যেই এ ছোট্ট উদ্যোগ। পরিবেশ রক্ষায় গাছ রূপনের বিকল্প নেই।’