সরকারি ভবন ও জনসেবামূলক স্থাপনায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করে ময়মনসিংহকে পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর ‘সোলার সিটি’ হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন পরিবেশকর্মী, উন্নয়নকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের মতে, উপযোগী সরকারি অবকাঠামোতে সৌরবিদ্যুৎ স্থাপনের পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা গেলে একদিকে কার্বন নিঃসরণ কমবে, অন্যদিকে স্থানীয় সরকারের জন্য নতুন আয়ের সুযোগ সৃষ্টি হবে।

সোমবার (২৭ জুলাই) সকালে নগরের টাউন হল প্রাঙ্গণে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। পরিবেশবাদী সংগঠন অন্যচিত্র ফাউন্ডেশন, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (এফইডি) ময়মনসিংহ, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (CLEAN) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (BWGED)-এর যৌথ উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পরিবেশকর্মী, উন্নয়নকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের সভাপতি সেলিমা বেগম বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে। সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও অন্যান্য জনসেবামূলক স্থাপনায় সৌরবিদ্যুৎ স্থাপন করা হলে বিদ্যুৎ ব্যয় কমার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের আওতাধীন বাসস্ট্যান্ড, যাত্রীছাউনি, পার্ক, লেকসংলগ্ন ওয়াকওয়ে, সরকারি ভবনের ছাদ, ব্রহ্মপুত্র নদের চর, নির্বাচিত জলাশয় এবং অকৃষি খাসজমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। এসব স্থানে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা গেলে সিটি করপোরেশনের জন্য একটি টেকসই রাজস্বের উৎস গড়ে উঠতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

উন্নয়নকর্মী ইমন সরকার বলেন, বিদ্যমান নেট মিটারিং ব্যবস্থা কার্যকরভাবে ব্যবহার করা গেলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কেবল বিদ্যুতের ভোক্তা নয়, পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদক হিসেবেও ভূমিকা রাখতে পারবে। এর ফলে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমবে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস পাবে এবং স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

মানববন্ধন থেকে দ্রুত একটি সমন্বিত ‘সোলার সিটি’ কর্মপরিকল্পনা প্রণয়ন, সিটি করপোরেশনের আওতাধীন উপযোগী সরকারি ভবন ও জনসেবামূলক অবকাঠামোকে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনা এবং ময়মনসিংহকে দেশের অন্যতম পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর নগর হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগকে ব্যয় হিসেবে নয়, বরং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সাশ্রয়, পরিবেশ সুরক্ষা এবং টেকসই নগর উন্নয়নের একটি কৌশলগত বিনিয়োগ হিসেবে বিবেচনা করা উচিত। পরিকল্পিতভাবে সৌরবিদ্যুৎ অবকাঠামো সম্প্রসারণ করা গেলে ময়মনসিংহ ভবিষ্যতে সবুজ, পরিবেশবান্ধব ও টেকসই নগর উন্নয়নের একটি কার্যকর মডেল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।