দেশের সর্ববৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর লাখো শিক্ষার্থীর আন্তর্জাতিক উচ্চশিক্ষায় প্রবেশের সুযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আইডিপি এডুকেশন বাংলাদেশ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর গুলশানে আইডিপি এডুকেশন বাংলাদেশের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এবং আইডিপি এডুকেশন বাংলাদেশের পক্ষে কান্ট্রি ডাইরেক্টর রাজিব মাহবুবুল সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীন এবং বিজনেস স্টাডিজ অনুষদের চেয়ারম্যান শেখ মুজাহিদুল ইসলাম।

অন্যদিকে আইডিপি এডুকেশন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব আইইএলটিএস অপারেশনস ইলোরা শাহাব শর্মি, অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনের (Austrade) দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ডাইরেক্টর মোস্তাফিজুর রহমান, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ম্যানেজার মমেনুর রহমান মইন, হেড অব মার্কেটিং মোহাম্মদ শিহাব তালুকদার এবং হেড অব সেলস অ্যান্ড অপারেশন আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সমঝোতা স্মারকের আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা, বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি-সংক্রান্ত তথ্য, স্কলারশিপের সুযোগ, ক্যারিয়ার পরামর্শ, আইইএলটিএস প্রস্তুতি এবং পরীক্ষাসংক্রান্ত সহায়তা প্রদান করবে আইডিপি এডুকেশন বাংলাদেশ। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থার সঙ্গে পরিচিত করতে যৌথভাবে সেমিনার, ওয়ার্কশপ, শিক্ষা মেলা (Education Fair) এবং আইইএলটিএস বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থীকে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে আন্তর্জাতিক মানের দিকনির্দেশনা প্রয়োজন। আইডিপি এডুকেশনের সঙ্গে এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ এবং বৈশ্বিক কর্মবাজারে নিজেদের প্রস্তুত করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আইডিপি এডুকেশন বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর রাজিব মাহবুবুল বলেন, পাঁচ দশকেরও বেশি সময় ধরে আইডিপি বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ করে দিতে কাজ করছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশাল শিক্ষার্থী গোষ্ঠীর সঙ্গে এই অংশীদারিত্ব দেশের তরুণদের আন্তর্জাতিক শিক্ষা ও ক্যারিয়ার গঠনের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে তিনি মন্তব্য করেন।

শিক্ষা-সংশ্লিষ্টদের মতে, এই সমঝোতা স্মারক দেশের উচ্চশিক্ষা খাতে আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধির পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈশ্বিক শিক্ষাবাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।