দীর্ঘ ২৭ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে যাওয়া বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ মনির হোসেনকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার বেলা ১১টায় স্থানীয় সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগনের উদ্যোগে এই সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির রক্তব্য রাখেন জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া -৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।

জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি ও উড়শীউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা দেলোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম।

দামচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ খালেদ হাসান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাফিয়া বেগম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শাহাদাত হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি এ.বি.এম মোমিনুল হক, জসিম উদ্দিন রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, জেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আবু কাউছার এবং ব্রাহ্মণবাড়িয়া শিশুনাট্যমের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক ও মৈন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল গাফফার।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও সুহিলপুর মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এম. এ. মোমেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, শিক্ষার ভিত্তি ও মূল স্তম্ভ হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা। এখান থেকেই একজন শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ভীত রচিত হয়। প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের একাধিক ভাষা শেখানোর উদ্যোগ নেয়া হচ্ছে। একই সাথে ‘ওয়ান ট্যাব, ওয়ান টিচার’ নীতিমালা প্রণয়নের উদ্যোগসহ প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

বিদায়ী শিক্ষক মোঃ মনির হোসেনের প্রশংসা করে তিনি বলেন, মনির হোসেন শুধু একজন শিক্ষক নেতা নন, তিনি একজন দক্ষ সংগঠক হিসেবেও পরিচিত। তিনি রেডক্রিসেন্ট, স্কাউটসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। অবসর জীবনে থেকেও তিনি তাঁর দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংগঠন ও সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি আশা করি।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষক মোঃ মনির হোসেনের দীর্ঘ শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর কর্মনিষ্ঠা, সততা, দায়িত্বশীলতা ও সাংগঠনিক দক্ষতার প্রশংসা করেন। পরে সহকর্মীদের পক্ষ থেকে তাঁর হাতে বিভিন্ন উপহার ও পুরস্কার তুলে দেয়া হয়।

উল্লেখ্য, মো. মনির হোসেন দীর্ঘ ২৭ বছর শিক্ষকতা জীবনের শেষ সময়ে পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষকতা জীবনে তিনি নিষ্ঠা, সততা, দায়িত্বশীলতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন বলে জানান তাঁর সহকর্মী ও স্থানীয়রা।