যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির ঘোষণার পর আঞ্চলিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় ইরাক আবারও তার আকাশসীমা উন্মুক্ত করেছে।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বুধবার এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি এবং সামগ্রিক স্থিতিশীলতা ফিরে আসার প্রেক্ষাপটে বিমান চলাচলের জন্য আকাশপথ পুনরায় চালু করা হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত ঘিরে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় ইরাক তার আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখে। ওই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক ও আঞ্চলিক ফ্লাইট চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছিল।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে আকাশপথ ব্যবহারে ঝুঁকি কমে এসেছে বলে মনে করা হচ্ছে। ফলে ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরছে দেশটির বিমান পরিবহন খাত।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত শুধু ইরাকের অভ্যন্তরীণ পরিস্থিতির উন্নতির ইঙ্গিতই নয়, বরং বৃহত্তর মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার একটি প্রাথমিক প্রতিফলনও বটে।
