সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম (বিএসসি)-কে জড়িয়ে বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নূরুল ইসলাম বলেন, গত ২১ জুলাই উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রংপুরহাটি গ্রামের মৃত আবু সালেকের ছেলে হাফিজুর রহমান পানিতে ডুবে মারা যান। খবর পেয়ে তিনি, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মাহতাবসহ দলীয় নেতাকর্মীরা নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ সময় লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠাতে পুলিশের সঙ্গে থেকে প্রয়োজনীয় সহযোগিতাও করেন তারা।
তিনি আরও বলেন, নিহতের বাড়ি থেকে ফেরার পথে ডুবাইল বিল ও কংস নদীর মাঝামাঝি একটি বেড়িবাঁধে উপস্থিত নেতাকর্মীদের সম্মতিতে একটি স্মারক ছবি তোলা হয়। সেখানে বিলের মালিকানা নিয়ে হাস্যরসের ছলে কিছু কথাবার্তা হলেও বিষয়টি সম্পূর্ণ অনানুষ্ঠানিক ছিল। কিন্তু পরবর্তীতে গত ২৪ জুলাই ‘সুনামগঞ্জের অনলাইন ওয়ান টিভি’ ও ‘সুনামগঞ্জের সময় ডিজিটাল নিউজ’-এ প্রকাশিত সংবাদে তাঁদের জড়িয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন তিনি।
নূরুল ইসলাম বলেন, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এতে তাঁর ব্যক্তি ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। তিনি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কুচক্রী মহলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী কামাল, উপজেলা বিএনপির সদস্য ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মাহতাব, উপজেলা বিএনপির সদস্য মাহবুবুল আলম হাদিস, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম চৌধুরী মিলন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাসেমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।