হবিগঞ্জের দেউন্দি চা বাগানের শ্রমিক আশালতা গোয়ালার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন চা শ্রমিকরা।
শনিবার সকালে দেউন্দি চা বাগানের ফ্যাক্টরির সামনে আয়োজিত এ মানববন্ধনে নারী-পুরুষসহ বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন। তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অভিযুক্তদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন নারী চা শ্রমিকের ওপর এমন নৃশংস হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় চা শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়বে।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল, নারী নেত্রী খাইরুন আক্তার এবং শ্রমিক প্রতিনিধি উজ্জ্বল দাশ।

উল্লেখ্য, গত ২১ জুলাই পূর্ব বিরোধের জেরে প্রতিবেশী লিলা চাষা ও তার সহযোগীদের হামলায় আশালতা গোয়ালা আহত হন বলে অভিযোগ রয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছেন স্থানীয় চা শ্রমিকরা।