সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
শুক্রবার (২৪ জুলাই) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পরবর্তী পরিস্থিতি নিয়ে শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথকক্ষে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ উপস্থিত থেকে রাষ্ট্রপতির পদত্যাগ-পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া ও সার্বিক বিষয়ে বক্তব্য দেবেন।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।