সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে গাঁজাসহ এক যুবককে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান ডিও-এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সদর উপজেলার পশ্চিম নতুনপাড়া এলাকার বাসিন্দা রোপন নাগ (৩০), পানু নাগের ছেলে, ৫ গ্রাম গাঁজাসহ আটক হন। পরে ঘটনাস্থলেই জব্দ করা গাঁজা ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের দায়ে রোপন নাগকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড দেন। একই সঙ্গে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবির।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জের উপপরিচালক মো. আবুল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।