জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে থিমেটিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের বাঁশতলাগামী (রওয়ার বিল) সড়কের পাশে ২০০টি তালগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ ইউসুফ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে ফুলপুর উপজেলার সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে অংশ নিতে হবে।”
তিনি আরও বলেন, “তালগাছ পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বজ্রপাতের ঝুঁকি হ্রাস, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে এ গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিকল্পিত বৃক্ষরোপণের মাধ্যমে ফুলপুরকে আরও সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন, উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল হোসেন, সাংবাদিক মো. নাজিম উদ্দিন, মোস্তফা খান, শাহ্ নাফিউল্লাহ সৈকত ও আকবর আলী হাবিব, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ফুলপুর উপজেলায় মোট ২০ হাজার গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৮ হাজার চারা রোপণ করা হয়েছে। কর্মসূচির আওতায় বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতিপূর্ণ এলাকায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, নির্মল ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতেও এ কর্মসূচি সহায়ক হবে।