দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৭ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা ৮০৩ জনে পৌঁছেছে।

বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭০৮ শিশুর এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৫ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ সময়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ জনে।

গত ২৪ ঘণ্টায় ১৩৩ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ৯০৪ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

এ সময়ে নতুন করে ৮৩৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে ৮৮৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১ লাখ ২০ হাজার ৩৫২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৪ হাজার ৮৪১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত মোট ১ লাখ ৩ হাজার ৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৯ হাজার ২৯৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।