নাটোরের গুরুদাসপুরে ঢাকাগামী পেঁয়াজ-রসুন বোঝাই ট্রাক বিপরীতমুখী বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১০ জন আহত হয়েছেন।

​আজ ২১ জুলাই রাত ১০টার দিকে উপজেলার নয়াবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
​নিহত ট্রাক হেলপারের নাম আফরোজ। তিনি নাটোর সদর থানার হয়বতপুর এলাকার মোহাম্মদ আনুর ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি বাস পাবনার রূপপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে নাটোরের হয়বতপুর থেকে রসুন ও পেয়াজ বোঝাই করে একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় পৌঁছালে বাস ও ট্রাকটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার আফরোজ নিহত হন এবং বাসের ও ট্রাকের অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। ​তিনি আরও জানান, দুর্ঘটনার পর সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে তা স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।