ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন লোক কল্যাণ মার্গ অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবসহ বিরোধী জোটের একাধিক শীর্ষ নেতা।

মঙ্গলবার (২১ জুলাই) কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিরোধী জোটের নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করেন। বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশ তাদের আটক করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়।

Advertisement

অন্যদিকে, সংসদ অভিমুখে আগের দিনের পদযাত্রার পরও আন্দোলন থামেনি। মঙ্গলবার রাজধানীর যন্তর মন্তরে শত শত শিক্ষার্থী ও সমর্থক জড়ো হয়ে বিক্ষোভ চালিয়ে যান। আন্দোলনকারীদের দাবি, পুলিশের কঠোর অবস্থান ও বলপ্রয়োগ তাদের আন্দোলন দমাতে পারেনি; বরং দাবি আদায়ে তারা আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন।

বিরোধী দলগুলোর অভিযোগ, শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিয়ে সরকার বিরোধী কণ্ঠ দমনের চেষ্টা করছে। তবে এ বিষয়ে দিল্লি পুলিশ বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হয়নি।