ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে বেশ কিছু বানর চোখে পড়ছে। ধারণা করা হচ্ছে, ভারত সীমান্ত ঘেঁষা বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে এসব বানর লোকালেয়ে ঢুকে পড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বানরগুলো দিনের বিভিন্ন সময় এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে বেড়ায়। কখনো বাড়ির টিনের চালে উঠে পড়ে, আবার সুযোগ পেলে ঘরে ঢুকে খাবারও নিয়ে যায়। শিশুদের ধাওয়া খেলে দ্রুত গাছে উঠে যায়। পরে লোকজন সরে গেলে আবার নিচে নেমে আসে। আশপাশের গাছের ফলও খেতে দেখা যাচ্ছে। এ নিয়ে ছোটদের মাঝে কৌতুহল দেখা দিলেও বড়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কামড়া দেওয়াসহ হামলা করতে পারে বলে আতঙ্ক রয়েছে।

আখাউড়া পৌর যুবদলের সদস্যসচিব ও দেবগ্রামে বাসিন্দা মো. হুমায়ুন রহমান নয়ন বলেন, ‘কয়েকদিন ধরে কিছু বানর এলাকায় দেখা যাচ্ছে। কিছু সময় গাছ আর বাড়ির ছাদে ছুটাছুটি করে আবার কোথায় যেন চলে যায়। বড়রা কিছুটা বিরক্ত হলেও শিশুরা বেশ উপভোগ করছে। ধারণা করছি খাবারের জন্য তারা বন থেকে লোকালয়ে চলে আসছে।’