জামালপুরের সরিষাবাড়ীতে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় রাস্তা ইটের সলিং করণ এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া গ্রামের রাস্তা সংস্কার ও বয়ড়া বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ কাজের উদ্ভোধন করা হয়।
প্রকল্প সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া মধ্যপাড়া রাস্তা হতে পূর্ব দিকে রুদ্র বয়ড়া স্কুলগামী রাস্তায় ইটের সলিং করণ কাজের জন্য ৫ লক্ষ টাকার বরাদ্দ দেওয়া হয়। এছাড়া, বয়ড়া বাজারের পানি নিষ্কাশনের জন্য ৩ লক্ষ টাকা বরাদ্দে ড্রেনেজ কাজের উদ্বোধন করা হয়েছে। কাজটি বাস্তবায়ন করছে ফিরোজ আলমের ঠিকাদারি প্রতিষ্ঠান ফাতেমা ট্রেডার্স।
স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম এমপির নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে এই উন্নয়নমূলক কাজ পরিচালিত হচ্ছে। উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এ কাজের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি চান মিয়া চানু, কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, সহ-সভাপতি মজিবর রহমান লিটন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বেলাল হোসেন বিপ্লব, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগ, ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সুজল মাহমুদসহ স্থানীয় সুধিজন।