ব্রাহ্মণবাড়িয়ায় জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র রক্ষায় অবৈধ রিংজাল উদ্ধার এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

গত সোমবার বিকেলে শহরের জগত সড়ক ও নিউমার্কেট এলাকায় পরিচালিত এই অভিযানে ব্যবসায়ীদের নিষিদ্ধ জাল বিক্রি ও সংরক্ষণ থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া। একই সাথে মাছের প্রজনন মৌসুম এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ জালের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়।

লিফলেট বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম।

এ সময় তিনি বলেন, রিংজাল শুধু ছোট মাছ নয়, মাছের ডিম ও পোনাও ধ্বংস করে। এতে নদী-খাল-বিলের প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের জলজ সম্পদ রক্ষা করতে হলে অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।

অভিযানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, জেলা পরিষদ ও জেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, নদী ও উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।