স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে জর্ডানের আদহাম মাখাদমেহ চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। ফিফার আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, ফাইনালের প্রধান রেফারি হিসেবে দায়িত্বে থাকবেন স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচ, আর চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন মাখাদমেহ।

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে জর্ডানের আদহাম মাখাদমেহ চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
এই নিয়োগ শুধু জর্ডানের জন্যই নয়, বাংলাদেশের ফুটবল অঙ্গনের জন্যও একটি বিশেষ স্মৃতিকে নতুন করে সামনে নিয়ে এসেছে। কারণ, ২০১৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের সাবেক ফিফা ও এএফসি এলিট রেফারি তৈয়েব হাসান শামসুজ্জামান ছিলেন ম্যাচের প্রধান রেফারি এবং সেই ম্যাচেই চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেছিলেন তরুণ জর্ডানি কর্মকর্তা আদহাম মাখাদমেহ।
২০১৩ সালের সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পরিচালনার মাধ্যমে তৈয়েব হাসান দক্ষিণ এশিয়ার রেফারিং ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের রেফারিংকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সেই ম্যাচেই মাখাদমেহ আন্তর্জাতিক অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অর্জন করেন।
বিশ্বকাপ ফাইনালে মাখাদমেহর নিয়োগকে এশীয় রেফারিংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন ক্রীড়া বিশ্লেষকেরা। ফিফার ঘোষিত ম্যাচ অফিসিয়ালদের তালিকায় দেখা যায়, স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচ প্রধান রেফারি, তাঁর দুই সহকারীও স্লোভেনিয়ার, আর চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জর্ডানের আদহাম মাখাদমেহ।
সাবেক আন্তর্জাতিক রেফারি তৈয়েব হাসান বলেন,
“আদহাম মাখাদমেহর এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি পুরো এশীয় রেফারিংয়ের জন্য গর্বের বিষয়। ২০১৩ সালের সাফ ফাইনালে আমরা একসঙ্গে কাজ করেছি। তখনই তাঁর পেশাদারিত্ব, মনোযোগ ও শেখার আগ্রহ আমাকে মুগ্ধ করেছিল। আজ বিশ্বকাপ ফাইনালের মতো সর্বোচ্চ মঞ্চে তাঁকে দেখতে পাওয়া অত্যন্ত আনন্দের।”

২০১৩ সালের সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে তৈয়েব হাসান শামসুজ্জামান ছিলেন ম্যাচের প্রধান রেফারি, আদহাম মাখাদমেহ চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
তিনি আরও বলেন,
“দক্ষিণ এশিয়ার তরুণ রেফারিদের জন্য এটিও একটি অনুপ্রেরণা। আন্তর্জাতিক মানে পৌঁছাতে কঠোর পরিশ্রম, সততা ও ধারাবাহিকতাই সবচেয়ে বড় শক্তি।”
সাতক্ষীরার সন্তান তৈয়েব হাসান বাংলাদেশের অন্যতম সফল আন্তর্জাতিক ফুটবল রেফারি। দীর্ঘ ১৮ বছর ফিফা রেফারি এবং প্রায় ১০ বছর এএফসি এলিট প্যানেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ক্যারিয়ারে বিশ্বকাপ বাছাইপর্ব, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, এএফসি কাপ, এএফসি চ্যালেঞ্জ কাপ, সাফ চ্যাম্পিয়নশিপসহ এশিয়ার বহু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। তাঁর দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।
