সুশিক্ষিত ও স্বাবলম্বী প্রজন্ম গড়ার প্রত্যয়ে চাঁদপুরে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’।

রবিবার (১৯ জুলাই) চাঁদপুর পুরান বাজারের ১নং ওয়ার্ডস্থ ‘ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসা’ প্রাঙ্গণে এক বর্ণিল আয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও মেধা পুরস্কার বিতরণ করা হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সফল নারী উদ্যোক্তা তানিয়া ইশতিয়াক খান। তিনি মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থীর হাতে খাতা ও কলমসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেন। এছাড়া ১৩ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরীফ ও কায়দা বিতরণ করা হয়। মাদ্রাসার প্রথম মূল্যায়ন পরীক্ষায় অসামান্য ফলাফল অর্জনকারী ১২ জন মেধাবী শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

​মাদ্রাসার শিক্ষকদের সুশৃঙ্খল পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বিজয়ী’ সংগঠনের অ্যাডভাইজার সেলিনা খানম, স্বেচ্ছাসেবী বর্ষা আক্তার, সামিয়া রহমান, সাহারা, নূসরাত জাহান মীম, স্মৃতি আক্তার, আকিফা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তানিয়া ইশতিয়াক খান বলেন, “২০২০ সালে পথচলা শুরুর পর থেকেই ‘বিজয়ী’ কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা—এই তিন স্তম্ভ নিয়ে কাজ করছে। আমাদের বিশ্বাস, একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ার মূল চাবিকাঠি হলো সুশিক্ষা ও সুস্বাস্থ্য।”

​তিনি আরও বলেন, “আমরা কেবল শিক্ষা সামগ্রী বিতরণ করছি না, বরং নারীদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তুলছি এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছি। মাদ্রাসা শিক্ষার্থীদের এই উৎসাহ প্রদান আমাদের সেই ধারাবাহিক কাজেরই অংশ। সামাজিক কল্যাণে ‘টিম বিজয়ী’র এই পথচলা আগামী দিনে আরও বেগবান হবে।”

​অনুষ্ঠানের শেষে মাদ্রাসার পরিচালক দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত অভিভাবক ও এলাকাবাসী। তারা এমন মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেন।